
নিজস্ব প্রতিবেদক:
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন খান চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনার পর প্রতিষ্ঠানটির প্রায় ৬০০ কোটি টাকার দায়, গ্রাহকদের ২০০ কোটি টাকার বকেয়া পাওনা এবং ৪১ কোটি টাকার এফডিআরের নিরাপত্তা নিয়ে গভীর সংকট তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম কেন্দ্র করে অন্তত ৫৪টি মামলা রয়েছে, যার মধ্যে ৪৯টিতে গ্রেপ্তারি পরোয়ানার তথ্য মিলেছে। এমন ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তাকে হোমল্যান্ড লাইফে এমডি পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে।
কোম্পানির অভ্যন্তরীণ সংকট ও বর্তমান জটিলতার প্রধান দিকগুলো:
আর্থিক দায় ও এফডিআর সংকট: হোমল্যান্ডের মোট দায়ের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। এর মধ্যে গ্রাহকদের দাবি ২০০ কোটি ও সরকারের কর পাওনা প্রায় ১৩০ কোটি টাকা। এই পরিস্থিতিতে কোম্পানির ৪১ কোটি টাকার এফডিআরের প্রকৃত স্থিতি এবং এর বিপরীতে কোনো ঋণ বা লিয়েন রয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পরিচালকদের ভূমিকা নিয়ে সন্দেহ: গ্রাহক ও কোম্পানির দায় পরিশোধের আগেই কয়েকজন পরিচালক শেয়ার বিক্রি করে দায়মুক্ত হওয়ার চেষ্টা করছেন এবং বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
নেতৃত্বের সংকট: বিশ্বজিৎ কুমার মণ্ডল, আব্দুল মতিন ও ভারপ্রাপ্ত এমডি শাহাদাত হোসেনের পর আমজাদ হোসেনকে নিয়োগ দেওয়া হলেও প্রতিষ্ঠানটিতে সুশাসন ফেরেনি। এমডি গ্রেপ্তারের পর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক লেনদেন পরিচালনা অনিশ্চিত হয়ে পড়েছে।
বীমা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সাধারণ গ্রাহকের আমানত রক্ষা এবং পুরো জীবনবীমা খাতের আস্থা ফেরাতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অবিলম্বে কোম্পানিটিতে স্বাধীন নিরীক্ষা (অডিট) পরিচালনা, এফডিআর ও ব্যাংক হিসাব তদারকি এবং পরিচালকদের দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.