
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাপক সহিংসতার পর হঠাৎ জনবল শূন্য কালিয়াকৈর থানা ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর। সোমবার সকালেও মহাসড়কে ও যানবাহনে আগুন দিয়েছে আন্দোলনরতরা। উপজেলা প্রশাসন ও থানা জনবল শূন্য থাকায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে আতঙ্কিত অবস্থায় রয়েছেন মানুষ। অপরদিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনগণ।
এলাকাবাসী, উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, গত রোববার দিনব্যাপী কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর বাজার এলাকায় ব্যাপক সহিংসতা চালিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও স্থানীয় আঞ্চলিক সড়ক অবরোধ করে সরকার বিরোধী নানা শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। মৌচাক ইউনিয়ন পরিষদ, মহাসড়কের চন্দ্রা ৩টি পুলিশ বক্স, আওয়ামীলীগের অফিস, বনবিভাগের চেকপোষ্ট, উপজেলা পরিষদ ও কালিয়াকৈর থানার সামনে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা। আন্দোলনরতরা উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হকের অফিস, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, এসিল্যান্ড অফিস, সাব-রেজিষ্ট্রিটার অফিস, কালিয়াকৈর পৌরসভা, পৌর সভার ৩ নাম্বার সার্কেল অফিস আনসার একাডেমি ও বিভিন্ন অফিসসহ যানবাহনে ব্যাপক ভাংচুর চালায়। এক পর্যায় আনসার একাডেমিতে আনসারদের সঙ্গে ও থানার পাশে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েক ঘন্টার গুলাগুলি ও ইটপাটকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ, কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম ও কয়েকজন পুলিশ সদস্যসহ প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। দিনব্যাপী ব্যাপক সহিংসতার পর সোমবার উপজেলা প্রশাসনের প্রায় সকল কর্মকর্তা-কর্মচারীরা চলে গেছেন। কর্মকর্তা-কর্মচারীদের দাবী, সরকার তিন দিনের ছুটি ঘোষণা করায় সবাই চলে গেছেন। অপরদিকে গভীর রাত থেকেই কালিয়াকৈর থানার গেইটে চালা ঝুলানো দেখেন এলাকাবাসী। সকালেও তালা ঝুলানো অবস্থায় আশপাশে কোনো পুলিশ ছিল না। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশের কোথাও হাইওয়ে, জেলা ও ট্রাফিক পুলিশ দেখা যায়নি। স্থানীয়রা বলছেন, এর আগে উপজেলা প্রশাসন, থানা পুলিশ শূন্য অবস্থায় কখনো দেখা যায়নি। সোমবার সকালেও উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় কভার্ডভ্যান ও হরিণহাটি এলাকায় মহাসড়কে আগুন জলিয়ে দেয় আন্দোলনরতরা। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ শূন্যতায় চরম নিরাপত্তাহীনতার মধ্যে আতঙ্কিত অবস্থায় রয়েছেন কালিয়াকৈরের মানুষ। এ অবস্থায় এখন থমথমে বিরাজ করছে কালিয়াকৈর। অপরদিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবাপ্রার্থীরা।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন ফোনে জানান, আমাদের বসার স্থান ভেঙ্গে ফেলা হয়েছে। থাকার পরিবেশ নাই, তাই আমরা পুলিশ লাইনে চলে আসছি।
এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন তুলেননি। তবে কালিয়াকৈর থানার তদন্ত ওসি তরিকুল ইসলাম জানান, আমাদের শ্রীপুর ও গাজীপুরে দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আমরা সবাই সেদিকে দায়িত্ব পালন করছি। তবে থানা পুরোপুরি ফাকা নয়, ভেতরে অল্প পুলিশ আছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাউছার আহম্মেদ জানান, গত রোববার সংঘর্ষের সময় আমি আহত হয়েছিলাম। এখন আহত অবস্থায় চিকিৎসাধীন তিনদিনের ছুটিতে আছি।