
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে পুকুর থেকে আলী আজগর (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।
নিহত আলী আজগর খেওড়া মধ্যপাড়া গ্রামের মো. রাজিব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৮ জুন) বিকেলে আলী আজগর মাদ্রাসার মাঠে খেলতে যায়। সন্ধ্যার পর অন্যান্য শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরে এলেও সে নিখোঁজ থাকে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তার পরিবারকে জানালে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। মাইকিং করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
গত সোমবার (৯ জুন) বিকেলে মাদ্রাসার উত্তর পাশের একটি পুকুরের পাড়ে গিয়ে শিশুটির বাবা পানিতে ভাসমান অবস্থায় একটি জুতা দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে পুকুরে তল্লাশি চালানো হলে আলী আজগরের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্থানীয় কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই। সে কারণে মরদেহ দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।