
স্টাফ রিপোর্টার: শ্রাবন্তী আক্তার
গাজীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম মো. রতন (৩৩)। তিনি মরকুন পশ্চিম পাড়ার মিরার বাড়ির ভাড়াটিয়া। তার স্থায়ী ঠিকানা লালমনিরহাট জেলার সদর থানার কোরামারি গ্রাম। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতনের কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য পেয়ে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় তার হেফাজত থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে “MI911 AI U.S ARMY” লেখা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। উদ্ধার করা অস্ত্র থানায় নিয়ে আসা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, আটক রতনের বিরুদ্ধে অস্ত্র আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশের দ্রুত অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।