
সঞ্জয় কান্ত শীল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ এবং জোড়পূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলার অপর এক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার মোক্তারপুর এলাকার কমল শেখের ছেলে মো. আহাদ, মৃত ইসলামের ছেলে শামীম এবং মৃত আনছার আলীর ছেলে নজরুল ইসলাম। মামলার অপর অভিযুক্ত একই এলাকার মৃত আনসুর আলীর ছেলে শফিকুল পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। প্রায় পাঁচ মাস আগে প্রতিবেশী মো. আহাদ তাকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে প্রথম ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্য তিন অভিযুক্ত শামীম, নজরুল ইসলাম ও শফিকুল ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে।
একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রধান অভিযুক্ত আহাদ গর্ভপাতের উদ্দেশ্যে তাকে ওষুধ সেবন করায়। গত ২১ অক্টোবর ভোরে শিশুটির গর্ভপাত ঘটে এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আহাদ, শামীম ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “এ ঘটনায় থানায় মামলা (নং-২২(১০)২৬) দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে অভিযুক্তদের তিনজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামী শফিকুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”