
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা। আজ ১৭ মে ২০২৬, রবিবার অনুষ্ঠিত এই জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।
জানাজায় শরিক হয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের মরদেহ আনা হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তারা মিজানুর রহমান সিনহার রাজনৈতিক জীবন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং মুন্সিগঞ্জবাসীর কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। এরপর তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।
জানাজায় সরকারের মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় স্পিকার, সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, মরহুমের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণ অংশ নেন।
নামাজে জানাজা শেষে মিজানুর রহমান সিনহার স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দলীয় ও পারিবারিক সূত্র জানিয়েছে, সংসদ ভবনে জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।