
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি | অনলাইন পোর্টাল
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর পূর্বপাড়া এলাকায় একটি মসজিদে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা মসজিদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী, একটি আইপিএস ব্যাটারি এবং দানবাক্সে থাকা কিছু টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মুসল্লিরা জানান, কয়েক দিনের ব্যবধানে মসজিদে ফের চুরির ঘটনা ঘটায় তারা গভীর আতঙ্কে রয়েছেন। কেননা কিছু দিন আগে শ্রীপতিপুর পাছপাড়া জামে মসজিদেও চুরির ঘটনা সংঘটিত হয়েছিল বলে জানান তারা। তবুও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় ধর্মীয় পবিত্র স্থানের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়েছে।
মুসল্লি ও এলাকাবাসীর দাবি, দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি থেকে যাবে।