
বিশেষ প্রতিনিধি:
সাভার মডেল থানার আওতাধীন উত্তর চাঁপাইন সিআরপি লালটেক এলাকায় চকলেটের কাগজ ফেলাকে কেন্দ্র করে আড়াই বছরের এক শিশুকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করায় শিশুর মা ও নানাকে এলোপাতাড়ি মারধর, লাঠিপেটা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত আনুমানিক পৌনে আটটার দিকে মোসাঃ শামীমা আক্তারের আড়াই বছর বয়সী শিশু কন্যা খাদিজা স্থানীয় উত্তর চাঁপাইন সিআরপি লালটেক এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুল আমিন (বয়স ৪৮ বছর) এর দোকানের সামনে চকলেটের খোসা ফেলে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়।
শিশুর মা শামীমা আক্তার এই অন্যায়ের প্রতিবাদ জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর চড়াও হয়। একপর্যায়ে ১ নম্বর বিবাদী মোঃ নুরুল আমিন (বয়স ৪৮ বছর), ২ নম্বর বিবাদী মোঃ নজরুল (বয়স ৫৩ বছর) এবং ৩ নম্বর বিবাদী মোঃ নুরুল আমিনের স্ত্রী (বয়স ৪০ বছর) সহ অভিযুক্তরা একতাবদ্ধ হয়ে শামীমা ও তাঁর বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠিপেটা করে গুরুতর জখম করে। হামলাকারীরা শামীমা আক্তারের শ্লীলতাহানি ঘটায় বলেও থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করলে ভুক্তভোগী শামীমা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেন।
এই বিষয়ে সাভার মডেল থানায় বিবাদীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।