
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর বাগমারা উপজেলার তালঘড়িয়া গ্রামে এক হুজুরের তেল-পানিতে ‘ফুঁ’ নেওয়ার আশায় প্রতি শুক্রবার ভিড় করছেন হাজার হাজার মানুষ। তালঘড়িয়ার শান্ত গ্রামটি এখন প্রতি শুক্রবার পরিণত হচ্ছে মানুষের ঢল আর বিশ্বাস- অনুশীলনের এক অদ্ভুত সমাবেশে। কেউ রোগমুক্তির আশায়, কেউ কৌতূহলে- তবে সবাই ভরসা রেখেছেন এক হুজুরের দেওয়া তেল-পানির ‘ফুঁ’ -এর ওপর।
নাটোরের নলডাঙ্গা উপজেলার আবদানপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম (৩০) নামের ওই ব্যক্তি দেড় মাস আগে তালঘড়িয়া হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসায় সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। এর পর থেকে তিনি সেখানে বসে তেল ও পানি পড়া দেওয়ার এই কার্যক্রম শুরু করেন। এতে বিশ্বাস করে রাজশাহী, নাটোর, নওগাঁ জেলাসহ দূর-দূরান্তের মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে।
নাটোরের কান্দিভিটা মাদ্রসা থেকে হাফেজিয়া সম্পূর্ণ করা জাহিদুল ইসলাম নলডাঙ্গা উপজেলার চেঁউখালি গ্রামের বায়তুল নুর জামে মসজিদের ইমাম ছিলেন। আগে সেখানে বসেই তিনি তেল-পানি পড়া দিতেন। গত চার সপ্তাহ ধরে তিনি বসছেন তালঘড়িয়ার হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসায়। নলডাঙ্গা উপজেলার চেঁউখালি গ্রাম থেকে বাগমারা উপজেলার তালঘড়িয়ার দুরত্ব ৫/৬ কিলোমিটার।
স্থানীয়দের ভাষ্য, তিন/চার বছর আগে অটোরিকশা চালাতেন জাহিদুল ইসলাম। ওই সময় তিনি চেঁউখালি গ্রামের বায়তুল নুর জামে মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। এর পর তিনি তেল-পানি পড়া কার্যক্রম শুরু করে। এখন তিনি প্রাইভেটকারে চলাচল করেন। তার আগমনকে কেন্দ্র করে শান্ত তালঘরিয়া গ্রামটি এখন পরিণত হয়েছে জনস্রোতের স্থানে।
আব্দুর রহিম নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার জুমার নামাজের পরপরই শুরু হয় হুজুরের ‘ফুঁ’ নেওয়ার আনুষ্ঠানিকতা। শুক্রবার সকাল থেকে প্রায় এক কিলোমিটার দুরের পলিথিন বাজার থেকে তালঘড়িয়া পর্যন্ত রিকশা, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল ও মোটরসাইকেলের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তালঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী-পুরুষদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকে ঝুড়ি, ব্যাগ বা প্লাস্টিকের বাক্সে করে তেল-পানি নিয়ে আসেন। মাদ্রাসার কর্মীরা বোতলগুলো নিয়ে ভেতরে গিয়ে পড়া দিয়ে ফেরত দেন। ভিড় সামলাতে মাঠজুড়ে মাদ্রাসার কর্মীরা দায়িত্ব পালন করে।
তিনি আরও বলেন, মাঠে রাখা হয় কয়েকটি বহু দানবাক্স। মাইকে বার বার ঘোষণা দেওয়া হয় ‘দানবাক্সে দান করুন’। প্রতিটি বাক্সের পাহারায় থাকেন মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তবে জমায়েতের ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাইকে নিয়মিত সে ঘোষণাও দেওয়া হয়। বলা হয়, ‘এখানে কোনো খারাপ কাজ হচ্ছে না, কেউ ভিডিও করবেন না’। কেউ মোবাইল তুললেই মাদ্রাসার লোকজন গিয়ে ভিডিও বন্ধ করে দেয়।
এদিকে, লোক সমাগম কেন্দ্র করে প্রতি শুক্রবার মাঠজুড়ে বসে তেল-পানির দোকান, খাবারের স্টল ও খেলনার স্টল; দেখে মনে হয় যেন গ্রামীণ মেলা বসেছে। এছাড়াও মোটরসাইকেলসহ যানবাহন রাখার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য নেওয়া হয় আলাদা ফি।
তেল-পানিতে ফুঁ নেওয়া মানুষজনের বিশ্বাস, এসব ‘পড়া’ নানা রোগে কাজ করে। নাটোরের দিঘাপতি এলাকা থেকে যাওয়া শহীদ আলী বলেন, ‘প্যারালাইসিস, ক্যানসারসহ সব রোগিই নাকি আরাম পায়। মুখে মুখেই এসব শুনে এসিছি প্যারারাইসিস বাবার জন্য তেল-পানি পড়া নিতে।’
বগুড়ার নন্দীগ্রাম থেকে আসা বৃদ্ধ আবদুল হক বলেন, ‘‘হাঁটুতে ব্যথা। পরপর চার সপ্তাহ পানি পড়া খেতে হবে। তিন সপ্তাহ হলো, ব্যথা কমছে।’’
দানবাক্সের পাহারায় থাকা আবুল কাসেম দাবি করেন, ‘‘সংগ্রহ করা টাকা মাদ্রাসা ও এতিমদের কল্যাণে খরচ হবে।’’
তবে স্থানীয়রা বলছেন, টাকার একটি বড় অংশ পান জাহিদুল ইসলাম। স্থানীয় বাসিন্দা ইয়াদ আলী বলেন, শুনেছি ওখানে দান বাক্সের মোট আদায়ের অর্ধক টাকা নেয় সে। পানি পড়ার দিন লক্ষাধিক টাকা ইনকাম হয় বলে তার ভাষ্য।
নলডাঙ্গার চেঁউখালী রহিদুল ইসলাম জানান, মসজিদে পড়া দেওয়ার দিন দানবাক্স থেকে বিশ হাজার টাকা করে দিতে হতো হুজুরকে। তবে দানের অর্ধেক টাকা দাবি করায় হুজুর ও মসজিদ কমিটির মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ কারণে তিনি এখন তালঘড়িয়ায় বসছেন, যেখানে প্রতি শুক্রবারেই কয়েক লাখ টাকা ওঠে।
এ বিষয়ে জানতে সাংবাদিকরা মুঠোফোনে যোগাযোগ করলে জাহিদুল ইসলাম বলেন, আমি কাউকে তেল-পানি পড়া নেওয়ার জন্য দাওয়াত দিই না। যাঁরা আল্লাহর কালাম বিশ্বাস করেন, তাঁরা আমার কাছে আসেন। আমি আল্লাহর কালাম পড়ে তেল-পানিতে “ফুঁ” দিয়ে দিই মাত্র। এ জন্য কারও কাছ থেকে কোন অর্থ বা উপহার নেওয়া হয় না।
তালঘড়িয়া হাফিজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসার সুপার বোরহান উদ্দিন দাবি করেন, জাহিদুল ইসলাম তেল-পানি পড়ে দেওয়ার বিনিময়ে কোনো টাকা নেন না। তিনি বলেন, “টাকা নিয়ে যদি ফুঁ দিতেন, তাহলে সেই তেল-পানি কোনো কাজ করত না। তাই তিনি কখনো টাকা নেন না।”
বোরহান উদ্দিন আরও জানান, প্রতি শুক্রবার মাঠে স্থাপন করা দানবাক্সে যে অর্থ ওঠে, তা হিসাব করে মাদ্রাসা ফান্ডে ২০ থেকে ৩০ হাজার টাকা জমা হয়। এই অর্থ পুরোপুরি মাদ্রাসার বিভিন্ন কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
ফুঁ দেওয়া তেল-পানিতে রোগ নিরাময় হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাহিদুল ইসলাম বলেছেন, শুধু তেল-পানি ব্যবহার করলেই হবে না। নিয়মিত নামাজ পড়তে হবে, তাহলেই কাজ হবে।” তিনি দাবি করেন, তেল-পানি ব্যবহারকারীদের মধ্যে অনেকেই উপকার পেয়েছেন বলে তাকে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম বলেন, ‘‘পনি পড়া দেওয়ার নামে কেউ যদি সাধারণত মানুষের সাথে প্রতারণা করে তবে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অপকর্ম কোনভাবেই চলতে দেওয়া হবে না।’’
রাজশাহীর সিভিল সার্জন এস আই এম রাজিউল করিম বলেন, ‘‘তেল বা পানি পড়া খেয়ে রোগ ভালো হওয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কেউ যদি প্রতারণার আশ্রয় নেয়, তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’’ যদিও বিষয়টি আমার এখনো জানা নেই। তবে খতিয়ে দখো হবে বলেন তিনি।