
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মতবিনিময় সভা করেছেন। সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা পৌরশহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্য নিয়োগের দাবিও জানান তারা। বক্তারা বলেন, অপরিকল্পিত যান চলাচল ও যানজটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এছাড়া শহরের কালন্দি খাল আবর্জনামুক্ত করে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, খালে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে।
সভায় সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা।
জেলা প্রশাসক উপস্থিত নাগরিক সমাজের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এসয় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কফিলউদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, থানার ওসি জাবেদ উল আলম, উপজেলা জায়াতের আমীর মোঃ ইকবাল হোসেন ভূইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন প্রমুখ।