
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল স্কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) গভীর রাতে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজয়নগর থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া তালগাছমুড়া ব্রিজের উপর অভিযান চালিয়ে মোঃ কুদ্দুস মিয়া (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কুদ্দুস মিয়া স্বীকার করেছে যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীর মোঃ কুদ্দুস মিয়া (৩০) পিতা: মিয়া চাঁন, সাং কালাছড়া, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।