
মালিকুজ্জামান যশোর প্রতিনিধ
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের চুরি যাওয়া মোটরসাইকেলটি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। গত রোববার (৮ নভেম্বর) কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—যশোর শহরের শংকরপুর আশ্রম রোডের বাসিন্দা এবং বর্তমানে শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান পাখার মাথা এলাকার মনসুর শেখের ছেলে সাজ্জাদ শেখ সাঈদ (২৪) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী এলাকার আবু সাঈদের ছেলে আলম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দুই দিন আগে যশোর শহরের রায়পাড়া মাদ্রাসা রোড এলাকায় বাপ্পি ও ভাগ্নে জীবনসহ স্থানীয় লোকজন ওই দুই চোরকে আটক করেন। এ সময় স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তবে এই চোর চক্রের বাকি সদস্য ও তাদের শেল্টারদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই আল মামুন জানান, গত রোববার চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার গণকবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আটক দুজনই একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। এর মধ্যে সাজ্জাদ শেখ সাঈদের বিরুদ্ধে কোটালীপাড়া, শার্শা ও যশোর কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত রাজ্জাক হুজুরের ছেলে মাহমুদুল হাসান বাবুর বাড়িতে ভাড়া থাকেন। গত ১ নভেম্বর ভোরের দিকে দুর্বৃত্তরা ওই বাসায় প্রবেশ করে তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের পাশাপাশি ঘরে থাকা মাটির ব্যাংকে জমানো প্রায় ৫০ হাজার টাকাও চুরি হয়।
ঘটনার পর থেকে মোটরসাইকেল উদ্ধারে বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রোববার সন্দেহভাজন দুজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।