
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দলের কঠিন সময়, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য এবং উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আক্কাস আলী। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, সাহস ও দলের প্রতি অবিচল আনুগত্যকে নিজের রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে তুলে ধরছেন এই ছাত্রনেতা।
দলের দুঃসময়ে রাজপথের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে সাংগঠনিক গতিশীলতা ধরে রাখার কারণে স্থানীয় রাজনীতিতে তিনি এক পরিচিত মুখ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার সাহসকে পাথেয় করে এবার আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
রাজনীতি ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মাধ্যমে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন আক্কাস আলী। বর্তমানে তিনি বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আক্কাস আলীর সমর্থক ও স্থানীয় কর্মীদের মতে, দলের সুসময়ে সুযোগসন্ধানীরা এলেও দুঃসময়ে যারা সংগঠনের পাশে থেকে রাজপথে লড়াই করেছেন, তাদের ত্যাগ ও ভূমিকা মূল্যায়নের এখনই উপযুক্ত সময়। তৃণমূলের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আক্কাস আলী বীরগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে আক্কাস আলী বলেন, “দলের প্রতিটি কঠিন সময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। সাধ্যমতো মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও বীরগঞ্জের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব উপজেলা গড়ে তুলতে কাজ করে যেতে চাই।”
আসন্ন নির্বাচনে বীরগঞ্জ উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন তিনি।