
বিশেষ অনুসন্ধানী প্রতিবেদকঃ
কলামিস্ট, শ্রমিক নেতা ও সংগঠক লোকমান ফারুক আর নেই। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন।
আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং (মঙ্গলবার) বেলা ১১টার দিকে তাঁর স্ত্রী তাঁকে ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে শরীরে হাত দিয়ে বুঝতে পারেন তিনি আর জীবিত নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা রোগ ও এজমা, হৃদরোগ/ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। গত ২ দিন হতে জ্বর ছিল শরীরে তাঁর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে সন্তান, জামাতা, নাতী, ৫ বোন ও ৩ ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। লোকমান ফারুক কেবল রাজপথের শ্রমিক আন্দোলনেই সক্রিয় ছিলেন না, বরং তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় দৈনিকগুলোতে নিয়মিত কলাম লিখতেন। আজ বাদ আছর কামারপাড়াস্হ তার নিজ বাসভবন সংলগ্ন কুতুবিয়া জামে মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে রাজনৈতিক, সাংবাদিক, মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক, মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন।
এরপর তাঁর মরদেহ গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বিজলীর ঘন্টি নামক এলাকায় পৈত্রিক নিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার প্রস্তুতি নেয়া হয়েছে বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এক যৌথ শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, লোকমান ফারুক কাউনিয়ার মীরবাগ বিজলীর ঘন্টি এলাকার মৃত কফিজ উদ্দিনের ১ম পুত্র।