
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় শনিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানা আলোর ঘর স্কুল মাঠে নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আমরাই পারি’ ও ‘অবলম্বন’ যৌথভাবে এই আয়োজন করে। সকালে সাঁওতাল নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এরপর আলোচনা সভা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মু। বক্তব্য দেন পরিবেশ আন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা সদর আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সাংস্কৃতিক কর্মী মানিক বাহার, নারী নেত্রী নাজমা বেগম, আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি, সুশীল টপ্য, আদিবাসী যুব নেতা অতীত সরেন ও আরিনা টপ্য প্রমুখ।
বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার প্রতিষ্ঠা, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, এবং ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানান।