
মোঃ আনোয়ার হোসাইন, জামালপুর।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ নং তিতপল্ল্যা ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্যন্ত শৃঙ্খলা ও স্বচ্ছতার সাথে এই চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বরাদ্দে তিতপল্ল্যা ইউনিয়নে মোট ৫,০৮০টি ভিজিএফ কার্ড অনুমোদন করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে সম্ভাব্য ২,৫০০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। সকাল থেকেই চাল নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের দীর্ঘ সারি দেখা যায়। তবে দীর্ঘ লাইন থাকলেও সার্বিক ব্যবস্থাপনা ছিল অত্যন্ত চমৎকার ও শৃঙ্খলাপূর্ণ।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ সোহাগ মিয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ ফয়জুর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি শামসুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী এবং স্থানীয় সংসদ সদস্যের (এমপি মহোদয়) প্রতিনিধি মোঃ লুকমান হোসেন লুটন।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের হাতে সঠিকভাবে ভিজিএফ চাল পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি ছাড়াই উপকারভোগীদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।
বিতরণ শেষে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ভবিষ্যতে এলাকার যেকোনো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এভাবে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কোনো রকম বিশৃঙ্খলা বা অভিযোগ ছাড়াই চাল পেয়ে হাসি মুখে বাড়ি ফিরেছেন অসহায় ও দুস্থ মানুষগুলো।