
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মুরছালিন মিয়া (২৫)। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুরছালিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর নিহতের মরদেহ বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নেয় বলে স্থানীয়রা দাবি করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।