
বিশেষ প্রতিনিধি:
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের বিকাশ ঘটে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে আয়োজিত ‘৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে মুহসীন হল ডিবেটিং ক্লাব।
মুহসীন হলের সাবেক ছাত্র হিসেবে স্মৃতিচারণ করে ডেপুটি স্পীকার বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছ, তোমরাই আগামী দিনে বাংলাদেশ ও বিশ্ব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিতর্কে কোনো পক্ষই প্রকৃত অর্থে পরাজিত নয়; বরং সবাই বিজয়ী। কারণ বিতর্ক শুধু জয়-পরাজয়ের বিষয় নয়, এটি মেধা, যুক্তি, চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রতিযোগিতা।”
জাতীয় সংসদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “আমরা জাতীয় সংসদকে শুধু রাবার স্ট্যাম্প হিসেবে দেখতে চাই না। আমরা একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। দেশ গড়ার জন্য ১ হাজার ৪০০ তাজা প্রাণ বিসর্জন দেওয়া হয়েছে। তাই দেশের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম, দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ সাজিদ হাসান এবং মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি মোজাহিদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।