
কালিয়াকৈর(গাজীপুর)
প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের নামা সুত্রাপুর এলাকায় বংশাই নদীর পূর্ব পাশে সীমার পাড় এলাকায় মইনুল হক নামের এক ব্যবসায়ীকে মারধর করে নদীতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১৭ জুলাই শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকার সময়। নিহতের লাশ উদ্ধার করা হয় ১৯ জুলাই আশুলিয়া থানার এক এলাকা থেকে। ওই ঘটনায় নিহতের স্ত্রী সামছুন নাহার বাদী হয়ে ৮ জনকে আসামী করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বুধবার দুপুরে তিনি কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের তার স্বামী হত্যার জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
নিহত মইনুল হক(৫৫) উপজেলার নামা সুত্রাপুর এলাকার মৃত-মজিবুর রহমানের ছেলে।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৭ জুলাই সন্ধ্যা সাত ঘটিকার সময় ওই এলাকায় সুনীলের বাড়ীর পাশে নৌকায় বসে চার বন্ধু গল্প করছিল। মইনুল হক ১ ঘন্টার মধ্যে বাসায় ফিরবে বলে বাসা হতে বের হয়ে যায়। নির্দিষ্ট সময়ে বাসায় না ফিরলে স্বামীকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই দিন রাত অনুমান সাড়ে আট ঘটিকার সময় তাদের প্রতিবেশী সুজন চন্দ্র দাস, তপু দাস, জুলহাস মইনুল হকের বাসায় গিয়ে জানায় যে, তাহাদের নিয়ে সুজন মাঝির নৌকা যোগে কালিয়াকৈর থানাধীন নামা সুত্রাপুর গ্রামের পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া বংশাই নদীর পূর্ব পাশে সীমার পাড় সাকিনে সুনীলের বাড়ীর পাশে নৌকা ভিড়াইয়া কথা বলছে। এ সময় ফয়সাল (২৬), অনিক (৩০), মুরাদ হোসেন (২৯), আরিফ খান (৩৮), হারুন (৩০), নাসির (৪০), আঃ হালিম (৫৮), হানিফ মিয়া (৬২), সর্বসাং বাগচাপাইর সহ অজ্ঞাত নামা আরো ৭/৮ জন পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি সোটা নিয়ে বেআইনী জনতাবদ্ধে এসে সুজন মাঝির নৌকায় হামলা চালায় এবং মইনুল হকের সাথে নৌকায় থাকা সকলকে এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ফয়সাল তাহার হাতে থাকা লাঠি দিয়ে সুজন দাস এর মাথায় হত্যার উদ্দেশ্যে বারী মেরে মারাত্মক ফাটা রক্তাক্ত জখম করে। বিপদ দেখে মইনুল হক নৌকা হতে পানিতে ঝাপ দিয়ে বাচার জন্য নদীর পাশে থাকা একটি গাছের ডাল ধরলে সকলে মিলে নৌকা নিয়ে মইনুল হকের কাছে গিয়ে এলোপাথারী পিটাইয়া হত্যা করে। তার হত্যার রহস্য গোপন করার উদ্দেশ্যে তার লাশ বংশাই নদীর স্রোতে ভাসাইয়া দেয়। তার সাথে থাকা লোকজন সাতরাইয়া নদী পার হইয়া সংবাদ দিলে মইনুলের স্বজনরা রাতেই লোকজন নিয়ে তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে পাওয়া য়ায়নি। পরে ১৯ জুলাই আশুলিয়া থানাধীন একটি এলাকার নদী থেকে মইনুলের লাশ উদ্ধার করে। পরে তার স্ত্রী ও মেয়ে লাশ সনাক্ত করে এলাকায় এনে পারিবারিক কবরস্থানে দাফন করে।
নিহতের মেয়ে মুনিয়া আক্তার বলেন, ৭/৮জন লোক আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। আমরা কালিয়াকৈর থানায় মামলা করেছি। তাদের গ্রেফতার করলে মুল রহস্য বেড়িয়ে আসবে। আমি বাবা হত্যার বিচার চাই।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। ময়না তদন্তের রির্পোট পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।