
নিজস্ব প্রতিবেদক: জীবন দেওয়ান উজ্জ্বল
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র-এ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) রাত ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গোলাম মোহাম্মদ বাতেন। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসক জানান, সাম্প্রতিক ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দীঘিতে থাকা কুমিরটিকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হবে।
এ বিষয়ে রেজাউল করিম চৌধুরী জানান, কুমিরটি নিরাপদে স্থানান্তরের জন্য খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে। তারা কুমিরটির অবস্থান, আচরণ এবং পরিবেশ পর্যবেক্ষণ করে ধরার কৌশল, স্থানান্তরের সময়সূচি ও অন্যান্য কারিগরি বিষয় নির্ধারণ করবেন।
উল্লেখ্য, গত সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজার সংলগ্ন দীঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কুমিরটি শিশুটিকে পানির নিচে টেনে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ভোরে মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হৃদয়বিদারক এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত কুমিরটি সরিয়ে নেওয়া এবং মাজার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জনসাধারণের সেই দাবির পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসন কুমিরটি স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্থানীয়দের আশা, কুমিরটি দ্রুত স্থানান্তর করা হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং মাজারে আগত দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।