
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি, প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে সকালে দিনটির শুভ উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রথমে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টুকটুক তালুকদার। এরপর গণগ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বলেন, বর্তমানে মানুষ বই হাতে নেওয়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে, ফলে লাইব্রেরিতে পাঠকের উপস্থিতিও কমে গেছে। তরুণ প্রজন্ম ডিজিটাল মাধ্যমে বই পড়লেও মুদ্রিত বইয়ের সঙ্গে যে আবেগ ও অনুভূতির সম্পর্ক, তা হারিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বই পড়ার অভ্যাস কমে যাওয়ার ফলে মানবিকতা ও মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বইয়ের সঙ্গে মানুষের বন্ধন পুনরুদ্ধারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দেওয়ার সংস্কৃতি আবার ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রাজশাহী কলেজের লাইব্রেরিয়ান আব্দুল্লাহ আল বশির মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। সভার সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রুয়েটের লাইব্রেরিয়ান মাহবুবুল আলম ও রাজশাহী মেডিকেল কলেজের লাইব্রেরিয়ান জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি কলেজের লাইব্রেরিয়ান মোঃ ওয়াহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
দিবসের সমাপনীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।