
খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের নেতা আজমল হোসেন লিটনের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা আজমল হোসেন লিটনের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ বা যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করেই তাকে বহিষ্কার করা হয়েছে।
নেতাকর্মীদের দাবি, আজমল হোসেন লিটন দলের দুঃসময়ের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার হয়েছেন। বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি ফিড মিলে চুরির ঘটনায় তাকে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছে, সেটির সঠিক তদন্ত না করেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই এলাকায় একটি ফিড মিলে চুরির ঘটনা ঘটলে এলাকাবাসী চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে এবং কিছু মালামালও উদ্ধার করে। বিষয়টি আজমল হোসেন লিটনকে জানানো হলে তিনি ঘটনাস্থলে যান। এ সময় আটক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে।
এদিকে, চুরির ঘটনার সময় লিটন হাতে লাঠি নিয়ে কথিত চোরের বাড়ির সামনে যাচ্ছেন—এমন দৃশ্যের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ‘বটিয়াঘাটা উপজেলা ডিগ্রি কলেজ ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক পেজে ওই ভিডিও প্রকাশ করে লিটনের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়। তবে বিক্ষোভকারীরা দাবি করেন, পোস্টে দেওয়া অভিযোগ ভুল, মিথ্যা ও বানোয়াট।
তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টকে কেন্দ্র করেই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি আজমল হোসেন লিটনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। কোনো নোটিশ দিয়ে তার বক্তব্য নেওয়া বা অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করা হয়নি বলেও দাবি করেন তারা।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “আজমল হোসেন লিটন দলের দুঃসময়ের কর্মী। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সঠিক তদন্ত করে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কোনো পক্ষের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে একজন নেতাকে বহিষ্কার করা দুঃখজনক। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
যা বললেন আজমল হোসেন লিটন
নিজের বহিষ্কারের বিষয়ে গণমাধ্যমকর্মীদের আজমল হোসেন লিটন বলেন, “আমি দলের জন্য অনেক কষ্ট করেছি। দলের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছি। অথচ তার প্রতিদান হিসেবে দল আমাকে বহিষ্কার করেছে—এটা আমার জন্য অত্যন্ত কষ্টের।”
তিনি বলেন, “আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দল সঠিক তথ্য-প্রমাণ যাচাই করে ব্যবস্থা নিতে পারে। আমি যদি অপরাধী হয়ে থাকি, তাহলে দল যে শাস্তি দেবে আমি তা মেনে নেব। কিন্তু তথ্য-প্রমাণ যাচাই না করে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমাকে বহিষ্কার করা হয়েছে—এটি অত্যন্ত দুঃখজনক।”
কেন্দ্রীয় যুবদলের প্রতি আহ্বান জানিয়ে লিটন বলেন, “আপনারা বিষয়টি সঠিকভাবে যাচাই করে দেখুন। তদন্তে যদি আমি অপরাধী প্রমাণিত হই, তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি তা মেনে নেব।”
তবে এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ ও সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।