
বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বাণিজ্য, নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতা জোরদারে ঐকমত্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে এলএনজি (LNG) ও সার আমদানির সরকারি উদ্যোগ এবং পোশাক, ওষুধ ও দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি (Dr. Abdelouahab Saidani) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের যৌথ উদ্যোগ নিয়ে গভীর আলোচনা করা হয়।
যৌথ প্রশিক্ষণ ও আইনি সহায়তা:
বৈঠকে উভয় দেশের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা (Legislation Support) আদান-প্রদানের ওপর জোর দেওয়া হয়।
জি-টু-জি ভিত্তিতে এলএনজি ও সার আমদানি:
বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদী এলএনজি এবং সার আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও বেগবান করবে।
ঐতিহাসিক সম্পর্কের পুনরুল্লেখ ও বাণিজ্য সম্প্রসারণ:
আলোচনাকালে আলজেরিয়ার রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়াই স্বীকৃতি দিয়েছিল। তিনি দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করার ব্যাপারে দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাণিজ্য বৃদ্ধি করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক ও মানসম্মত ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। এর পাশাপাশি চিকিৎসা খাতে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ অন্যান্য দক্ষ জনশক্তি নেওয়ার জন্যও তিনি রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
বিচারাধীন বিষয়ের সমাধান ও রাষ্ট্রপতির সফর:
বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মানুগ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আলজেরিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে আসার সম্মতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সুবিধাজনক সময়ে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সফরের তারিখ চূড়ান্ত করার অনুরোধ জানান।
বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডল উপস্থিত ছিলেন।