
মোতাহার হোসেন ভালুকা (ময়মনসিংহ) স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একটা বিপ্লব, আগামীর শুদ্ধতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইন এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম সোহাগ।
প্রতি বছর ৯ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে এবং ভবিষ্যতে একটি শুদ্ধ সমাজ গড়ে তোলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকবে।