
(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মজিবুর রহমান।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। ভাষা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় একুশের শিক্ষা আজও অপরিসীম।”
এ সময় তাঁর সাথে বিএনপি ও এর সকল অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সাংসদ মজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদনের পরপরই একে একে স্থানীয় বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। বিশেষ করে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব এবং কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাংবাদিক ও নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।