
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ নিজস্ব সংবাদ দাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ফজরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় গভর্নিং বডি গঠনের ক্ষেত্রে নিয়মবহির্ভূত কার্যক্রম, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের পাঁচগছি বাজারে মাদ্রাসার প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাদ্রাসার দাতা পরিবারের সদস্য, অভিভাবক ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আফরুজা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, ময়েন উদ্দিন, দাতা পরিবারের সদস্য মুস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, মো. আলমগীর, আনোয়ার হোসেন, আবু বক্কর, আশরাফুজ্জামান মিলন, মো. বাদশা, দুদু মিয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আফরুজা পারভীন জানান, নূর আলম সিদ্দিকী মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা সদস্য। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আদেশ জারি করে, যেখানে গভর্নিং বডিতে সভাপতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক, সদস্য সচিব হিসেবে দাতা সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু আদেশের পরদিনই, ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন নিয়ম বহির্ভূতভাবে পুনতাইর পাছপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. নাজিম উদ্দিনকে ভূয়া আজীবন দাতা সদস্য হিসেবে ঘোষণা দিয়ে এক লক্ষ টাকার চাঁদার রশিদ বহি তৈরি করেন। পরে ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এডহক কমিটি গঠনের জন্য তার নাম ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন।
নিয়ম অনুযায়ী দাতা সদস্য হতে হলে অন্তত দুই লক্ষ টাকা এককালীন অনুদান দিয়ে অধ্যক্ষের ৩০ দিনের নোটিশে আবেদন করতে হয়, যা অনুসরণ করা হয়নি। একই সঙ্গে, অধ্যক্ষ প্রতিষ্ঠাতা সদস্য নূর আলম সিদ্দীকীর নাম ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেন। এরপর ১৭ মে ২০২৫ তারিখে ভূয়া দাতা সদস্য নাজিম উদ্দিনকে সভাপতি এবং মো. রেজাউল করিমকে বিদ্যোৎসাহী সদস্য করে গভর্নিং বডি গঠন করা হয়।
এই অনিয়মের বিরুদ্ধে নূর আলম সিদ্দিকীর দেওয়া অভিযোগের ভিত্তিতে গত ২১ জুলাই ২০২৫ তারিখে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে অধ্যক্ষের কর্মকাণ্ডের কারণে গঠিত গভর্নিং বডির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। শুনানিতে নূর আলম সিদ্দীকীকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হলেও, অধ্যক্ষ তা উপেক্ষা করে অবৈধভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন এবং মাইকিং শুরু করেন।
আগামী ৩ আগস্ট ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ১২ আগস্ট ২০২৫ তারিখে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও, মাদ্রাসার পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে যে বিধিমালা অনুসরণ করার কথা, তা অবহেলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসমাইল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং গভর্নিং বডির কার্যক্রম স্থগিত করার দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
video.mp4