
নিজস্ব সংবাদদাতা, সাভার:
সাভারের ইয়ারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং বদলি ঠেকিয়ে দেওয়ার মতো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
নিয়োগ প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা জানান, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মঈনুদ্দিন ফকিরকে বিধিমোবাবেকে তোয়াক্কা না করে ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা না হওয়া সত্ত্বেও কীভাবে তার ঠিকানা যাচাই ও নিয়োগ বৈধ করা হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
এর পাশাপাশি আফজালের আয়ের উৎস নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাজধানীর উত্তরখান মাজারের বিপরীতে তার একটি আলিশান চারতলা বাড়ি রয়েছে বলে জানা গেছে। একজন ইউপি প্রশাসনিক কর্মকর্তার বেতনের আয় দিয়ে এত বিপুল সম্পদের মালিক হওয়া নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারি দাবি করেছেন স্থানীয়রা। এছাড়া, প্রতি সপ্তাহে সাংবাদিকদের পেছনে ২২ হাজার টাকা খরচ করে তিনি এসব অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও গুঞ্জন রয়েছে।
পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের লটারিতে তার বদলির নাম আসলেও অদৃশ্য শক্তির জোরে সেই বদলি আদেশ আটকে যায়।
এলাকাবাসীর দাবি, কোনো অজুহাতে বিষয়টিকে এড়িয়ে না গিয়ে গ্রাম পুলিশ নিয়োগের কাগজপত্র যাচাই এবং আফজালের স্থাবর-অস্থাবর সম্পদের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।