
এ.টি.এম রায়হান রতন, বিশেষ প্রতিনিধি, শেরপুর
শেরপুর: যৌতুকের দাবি পূরণ করতে না পারায় নিজ বাড়িতেই স্বামী ও শ্বশুরের হাতে নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন মোছাঃ সুমি আক্তার নামে এক গৃহবধূ। এই ঘটনায় শেরপুরের শ্রীবরদী সি.আর আমলী আদালতে মামলা দায়ের করা হলেও আসামিরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।
মামলার বিবরণ ও আসামিপক্ষ:
আদালতে দায়েরকৃত সি.আর মামলা সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামি সুমির স্বামী মোঃ উজ্জল মিয়া (৩৫) এবং দ্বিতীয় আসামি শ্বশুর মোঃ সুরুজ মিয়া (৫৬)। তারা জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জিগাতলা পাখিমারী (রাজেন্দ্রগঞ্জ) গ্রামের বাসিন্দা।
ঘটনার পটভূমি:
বিগত ১৩ই মার্চ ২০০৯ সালে পারিবারিকভাবে সুমির বিয়ে হলেও দীর্ঘদিন ধরে আসামীরা যৌতুকের দাবিতে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর ২০২৫ ইং (১২ অগ্রহায়ন ১৪৩২ বঙ্গাব্দ), বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীবরদী থানাধীন তাতিহাটি পূর্ব গ্রামে সুমির বাবার বাড়িতে আসামিরা চড়াও হয়। সেখানে যৌতুকের দাবিতে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী ও শ্বশুর মিলে সুমিকে অমানুষিক মারধর করে গুরুতর আহত করে।
আইনি পদক্ষেপ:
ঘটনার পর সুমি আক্তারকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তিনি ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০) এর ১১(গ)/৩০ ধারায় শ্রীবরদী সি.আর আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাক্ষী হিসেবে নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় মেডিকেল অফিসারকে রাখা হয়েছে।
বর্তমান পরিস্থিতি ও অভিযোগ:
ভুক্তভোগী সুমি আক্তার ও তার পিতা মোঃ শহিদুল্লাহ অভিযোগ করেন যে, আসামিরা প্রভাবশালী হওয়ায় এবং বকশীগঞ্জ থানা এলাকায় তাদের অবস্থান হওয়ায় পুলিশ এখনো তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আসামিরা বর্তমানে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ:
এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, যৌতুকলোভী এই পিতা-পুত্রের কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। একজন অসহায় নারীর ওপর এই নির্যাতনের বিচার নিশ্চিত করতে এবং আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে শেরপুর ও জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।