
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রির মৃত্যুকে কেন্দ্র করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল প্রধান গোবিন্দগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল প্রধান একটি অটোরিকশাযোগে কাটা মোড় এলাকায় যাচ্ছিলেন। এ সময় স্থানীয় এরশাদ আলীসহ ২-৩ জন ব্যক্তি অটোরিকশার চালককে মারধর শুরু করেন। বিষয়টি দেখে জহুরুল প্রধান প্রতিবাদ করলে অভিযুক্ত এরশাদ আলী তাকে বুকে ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।