
মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, সেলাই মেশিন, নগদ অর্থ ও বিনোদন সামগ্রী বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
অদ্য ২৪ মে ২০২৬ তারিখে মারিশ্যা জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ কমলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন ও মনোরম পরিবেশে পাঠদান নিশ্চিত করতে বিদ্যালয়ের জন্য ০৫ বান টিন এবং ব্ল্যাক বোর্ড বিতরণ করা হয়।
এছাড়াও কমলাপাড়া এলাকার বাসিন্দা কালা চাকমাকে জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ০১টি সেলাই মেশিন, জনি চাকমাকে আর্থিক সচ্ছলতার জন্য নগদ অর্থ এবং নিরু কান্তি চাকমার উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি পাহাড়ী জনগোষ্ঠীর বিনোদনের জন্য ০১টি ক্যারাম বোর্ড বিতরণ করা হয়।
অন্যদিকে মারিশ্যা জোনের অধীনস্থ ওল্ডলংকর বিওপির দায়িত্বপূর্ণ ওল্ডলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ২০ সেট স্কুল ড্রেস ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।
এলাকাবাসীর জীবনমান উন্নয়নের অংশ হিসেবে লাল হুয়া পুইই পাংখোয়াকে ০১টি সেলাই মেশিন এবং লাল আম পুইই পাংখোয়াকে ঘর মেরামতের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এলাকাবাসীর সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ০১টি ওয়াটার হাউজ নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
পাহাড়ি জনগোষ্ঠীর বিনোদনমূলক পরিবেশ সৃষ্টিতে ০১টি ক্যারাম বোর্ড এবং ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সামিয়ানা ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শান্তি ও সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এসময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী পরিচালক দিলিপ কুমার বিশ্বাস, ওল্ডলংকর বিওপি ও কমলাপাড়া টিওবি কমান্ডার উপস্থিত ছিলেন।