
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার দায়ে জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুবউদ্দিনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কাউতলী এলাকার নিজ কার্যালয় থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যদের সহযোগিতায় সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিভিন্ন শাখায় ‘ওয়ার্ক চার্জে’ কাজ করা তৃতীয় ও চতুর্থ শ্রেণির অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারীর চাকরি আদালতের নির্দেশে সম্প্রতি নিয়মিত করা হয়েছে। তবে ওইসব শ্রমিক-কর্মচারীর দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ নিয়ে জটিলতা দেখা দেয়। সেই জটিলতা নিরসনের জন্য অডিটর কুতুবউদ্দিন বৃহস্পতিবার বিকেলে সওজ বিভাগের তিনজন শ্রমিক-কর্মচারীর কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেন। পরে এনএসআই সদস্যরা অডিটর কুতুবউদ্দিনের টেবিলের ড্রয়ার থেকে ঘুষের টাকা জব্দ করে তাকে পুলিশের হাতে তুলে দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে থানায় দেওয়া অভিযোগ দুদকে পাঠাব। মামলাটি তারা তদন্ত করবে।
মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া, তারিখ-২১-০৮-২০২৫ইং