
রহিদুল ইসলাম, রাজশাহী:
দীর্ঘ ২২ বছর বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিলকে পুনরুজ্জীবিত করে মাত্র ছয় মাসে ২ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশের শীর্ষ শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। শনিবার রাজশাহীর সপুরায় বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘দুই হাজার কর্মসংস্থান উদযাপন, লক্ষ্য ১২ হাজার’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “একটি দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাকে স্বল্প সময়ে সচল করে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু কারখানা চালু নয়, এটি একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের সূচনা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, বিটিএমসি’র ম্যানেজার মুরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
আহসান খান চৌধুরী বলেন, “আমরা বিশ্বাস করি, চাকরির জন্য ঢাকামুখী হওয়ার সময় শেষ। বরং শিল্পাঞ্চল পৌঁছে যাবে প্রত্যন্ত অঞ্চলে। আমরা রাজশাহীতে শ্রমঘন শিল্প গড়ে তুলছি, যেখানে স্থানীয়ভাবে বিপুল কর্মসংস্থান হবে।”
তিনি আরও জানান, “কারখানাটি হবে একটি সাসটেইনেবল গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে উৎপাদিত পণ্য হবে সম্পূর্ণ রপ্তানিমুখী। পাশাপাশি নারীদের জন্য টেলি মার্কেটিংসহ নতুন কর্মক্ষেত্র গড়ে তোলা হবে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে বিটিএমসি’র সঙ্গে পিপিপি চুক্তির মাধ্যমে রাজশাহী টেক্সটাইল মিল পুনরায় চালুর উদ্যোগ নেয় প্রাণ-আরএফএল। ডিসেম্বরেই পুরনো পরিত্যক্ত শেড মেরামত করে ব্যাগ ও জুতা উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি।