
খালেদা আক্তার, বোয়ালখালী, চট্টগ্রাম
স্থান: দোহাজারী-মৌলভী দোকান, সাতকানিয়া, চট্টগ্রাম
তারিখ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দোহাজারী-মৌলভী দোকান এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী একটি ঈগল পরিবহনের যাত্রীবাহী বাস দোহাজারী থেকে দক্ষিণমুখী হয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। আহত দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
দোহাজারী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জানান,
দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয়দের অভিযোগ, দোহাজারী-মৌলভী দোকান এলাকা সড়কের একটি বাঁক ও সংকীর্ণ অংশ হওয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত স্পিড ব্রেকার স্থাপন ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এই অংশে নিয়মিতভাবে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় সড়কটিতে ভারী যানবাহনের চাপ বেশি থাকায় সাধারণ যাত্রীরা ঝুঁকিতে রয়েছেন।