
মো:মহসিন হোসেন।
কালিহাতী, টাংগাইল প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহার আনন্দ নিমেষেই রূপ নিল সুগভীর বিষাদে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যাওয়ার ভয়াবহ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী লেনে এই মহাবিপর্যয় ঘটে। নিহত ও আহতরা সবাই কম খরচে বাড়ি ফিরতে পণ্যবাহী ওই ট্রাকে চেপে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে আসা রডবোঝাই ট্রাকটিতে বিপুল সংখ্যক যাত্রী ছিলেন। দীর্ঘ পথের ক্লান্তিতে দুর্ঘটনার সময় তাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। সরাতৈল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে গভীর খাদে উল্টে যায়। এতে যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা ১৫ জনের মরদেহ উদ্ধার এবং আহত ১০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে উদ্ধার কাজের জন্য ভোর ৪টা ২৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে পুলিশ বিকল্প রুটে গাড়ি ডাইভারশন করে দিলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় এবং বড় কোনো যানজট হয়নি।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।