
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া এলাকায় গুলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সাগর মিয়া ওরফে রাজু (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সাগর মিয়া মুন্সেফপাড়া এলাকার আবু সাঈদের ছেলে। এর আগে গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় সংঘটিত গুলাগুলির ঘটনায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামের এক যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়া এলাকায় গুলাগুলির ঘটনা ঘটে। এতে সাগর মিয়া গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।