
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দীর্ঘ প্রায় ১০ বছর বন্ধ থাকার পর অবশেষে নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়িত এই উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজ রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়েছে, যা আগত দর্শনার্থীদের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব ও শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করার সুযোগ করে দেবে।
নতুনভাবে সাজানো এই উদ্যানে নাগরিকদের সুবিধার জন্য হাঁটার পথ (ওয়াকওয়ে), পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার সুনির্দিষ্ট স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা রাখা হয়েছে। সচিবালয় সংলগ্ন এই গুরুত্বপূর্ণ স্থানটির সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ মনোরম রাখতে ডিএসসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাঃ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।