
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ খ্রিঃ
আজ (শনিবার) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার-এর সেবার মান উন্নতকরণ এবং সেবা সম্পর্কে পরামর্শ ও তদারকীকরণ সংক্রান্ত কমিটির ১ম সভায় বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরও মানসম্মত সেবা ও আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির সভাপতি হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু-এর সভাপতিত্বে কমিটির সদস্য হুইপ মো. আখতারুজ্জামান মিয়া ও ইকরামুল বারী টিপু সভায় অংশ নেন।
সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার-এর সেবার মান উন্নয়নকল্পে অর্গানোগ্রাম সংশোধনপূর্বক ডাক্তার, নার্সসহ অন্যান্য জনবল বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মেডিকেল সেন্টার-এর চিকিৎসা সেবার পরিসর বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়।
মেডিকেল ইকুইপমেন্টগুলোকে আরও বেশি আধুনিক ও যুগোপযোগী করতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি, আরপিজি, আইসিইউ সেটআপসমৃদ্ধ অ্যাম্বুলেন্স এবং প্যাথলজি মেশিন আপগ্রেড করার প্রস্তাব করা হয়। এ বিষয়ে বিশেষ অর্থ বরাদ্দের জন্য সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার হতে রেফারকৃত রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে পার্শ্ববর্তী প্রসিদ্ধ হাসপাতালগুলোর সাথে এমওইউ (MoU) ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়।