
নিজস্ব প্রতিবেদক
আবুধাবি: মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান এ পর্যন্ত ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,৪২২টি ড্রোন নিক্ষেপ করেছে। আজ রোববার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
আমিরাতি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় এখন পর্যন্ত ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১১২ জন। নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
হামলার বিস্তারিত পরিসংখ্যান:
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে হামলার চিত্রটি নিম্নরূপ:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র: মোট ২৩৮টি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২২১টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে, ১৫টি সমুদ্রে পড়েছে এবং মাত্র ২ি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।
ড্রোন হামলা: ১,৪২২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে ১,৩৪২টি আকাশেই ধ্বংস করা হয় এবং ৮০টি বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।
ক্রুজ মিসাইল: শনাক্ত হওয়া ৮টি ক্রুজ মিসাইলের সবগুলোই সফলভাবে রুখে দিয়েছে আমিরাতি বাহিনী।
আজকের হামলা ও বর্তমান পরিস্থিতি:
আজ রোববার সকালে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে ১৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১১৭টি ড্রোন শনাক্ত করে। এর মধ্যে ১৬টি ক্ষেপণাস্ত্র এবং ১১৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। আবুধাবি এবং দুবাইয়ের বাসিন্দারা সকালে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং মোবাইলে জরুরি সতর্কতা সংকেত (Safety Alerts) জারি করা হয়েছিল।