
মোঃ শরীফুল ইসলাম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকার দায়ী। গতকাল সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. নজরুল ইসলাম জিতুর জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মুশফিকুর রহমান বলেন, খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে কোনো যথাযথ কারণ ছাড়াই জেলে রাখা হয়েছিল। জেলেই ওনার অসুস্থতার শুরু। দীর্ঘ ১৬ বছর তিনি যথাযথ চিকিৎসকের পরামর্শ পাননি। বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলেও তাকে অনুমতি দেওয়া হয়নি। এ কারণেই তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হয়েছে। এর জন্য আমি মনে করি বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে দায়ী। মরহুম মো. নজরুল ইসলাম জিতুর জানাজায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আতাউর রহমান সরকার, জেলা বিএনপির সহসভাপতি মো. ইলিয়াস মিয়া, জেলা বিএনপির সদস্য আলহাজ কবীর আহমেদ ভূইয়া, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন ও সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন। উপস্থিতি ছিলেন- মরহুমের জানাজায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য নাছির উদ্দীন হাজারী, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূইয়া, সাবেক সভাপতি আশরাফ আলীসহ জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ। তিনি আরও বলেন, আপনারা সবাই অবগত আছেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরম সৌভাগ্যের বিষয় হলো, উনি কখনও দেশ ছাড়েননি। সারা জীবন দেশের মধ্যেই থেকেছেন, এখনো আছেন। আপনাদের সবার দোয়ার বরকতে যেভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার তুলনায় এখন অল্প কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো সম্পূর্ণ সুস্থ নন। তাই আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি।