
সরকার মাজারুল ইসলাম গাজীপুর:প্রতিনিধ
গাজীপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানো এবং পূর্বের চুক্তি বাস্তবায়নের দাবিতে আজ ২৯ অক্টোবর, ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল তিনটা থেকে গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন।
বিকেল তিনটার দিকে গাজীপুর বাইপাস এলাকা থেকে শ্রমিকরা এই আন্দোলন শুরু করেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি আস্তে আস্তে কোনাবাড়ী, মৌচাক ও সফিপুর এলাকায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকাগামী এবং টাঙ্গাইলগামী দূরপাল্লার পরিবহনসহ সব ধরনের যানবাহন পুরোপুরি থমকে যায়। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, সেই তুলনায় তারা যে বেতন পান তা দিয়ে বর্তমান বাজারে সংসার চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া মালিক পক্ষ চুক্তি অনুযায়ী তাদের দাবি-দাওয়া বাস্তবায়ন করছে না বা কিছু জানাচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা প্রশ্ন তুলে বলেন, “সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের কেন বাড়ানো হচ্ছে না? উচ্চ দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য বেতনে আমরা কীভাবে বাঁচব? আমাদের যৌক্তিক দাবি ও চুক্তি অনুযায়ী বেতন অবিলম্বে বাড়াতে হবে।”
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল্লাহ। তিনি উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান। শ্রমিকদের যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছেন।