
বিশেষ প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার ফকিরা গার্মেন্টসের পশ্চিম পাশের এক খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর দ্বি-খণ্ডিত লাশের পরিচয় অবশেষে মিলেছে। নিহত নারীর নাম ডলি আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা এবং বাঘের বাজার এলাকার ‘গোল্ডেন রিপিট গার্মেন্টস’-এ পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও বিয়ের দাবিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলা।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহত ডলি আক্তারের সাথে মোঃ মিশন ইসলাম নামের এক যুবকের দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ৮ সেপ্টেম্বর রাতে ডলি আক্তার তার প্রেমিক মিশনের ভাড়া বাসায় যান। সেখানে তাদের পূর্বের বিভিন্ন বিরোধ ও বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডা তৈরি হয়। একপর্যায়ে মিশন তাকে সুপরিকল্পিতভাবে হত্যার সিদ্ধান্ত নেয়।
পরবর্তীতে নির্মমভাবে তাকে হত্যা করে লাশ আলামত গোপনের উদ্দেশ্যে দ্বি-খণ্ডিত করে ভবানীপুর এলাকার ফকিরা গার্মেন্টসের পশ্চিম পাশে খালের পানিতে ফেলে দেওয়া হয়। গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ খালের মাঝখান থেকে ভাসমান অবস্থায় লাশের খণ্ডাংশ উদ্ধার করে।
ঘটনার পর থেকে পিবিআই গাজীপুর জেলা টিম ছায়াতদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডলি আক্তারের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পিবিআই।
এ বিষয়ে পিবিআই জানায়, লাশ গুম করে আত্মরক্ষার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি ঘাতকের। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য উদঘাটনসহ অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।