
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পুরো জেলায় নিরাপত্তা টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় মধ্যরাতে চেকপোস্ট বসানো হয়।
রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় আটজন ডাকাত একটি পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে। এ সংবাদ পাওয়ার পর চেকপোস্টে তল্লাশি আরও কড়াকড়ি করা হয়। পরে পুলিশি তৎপরতায় তিন ডাকাতকে আটক করা সম্ভব হলেও এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
১. মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), পিতা-মৃত বছির উদ্দিন, সাং-ফারাদপুর, থানা ও জেলা-নওগাঁ সদর।
২. মো. সাগর (বয়স উল্লেখ নেই), সাং-সাঁথাহার ইয়ার্ড কলোনি, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া।
৩. মো. রিমন হোসেন (২৩), পিতা-মো. আমজাদ হোসেন, সাং-চক গোয়ালী, থানা ও জেলা-নওগাঁ সদর।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, দড়ি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
রেকর্ডপত্র যাচাইয়ে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মো. রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের ৮টি মামলা, মো. সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত ৫টি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে ১টি মামলা বিচারাধীন রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি এর আগেও রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত ছিল। পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।