
মোঃ শাহজাহান বাশার
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে ৬৪টি উপজেলা পরিষদ ও ৩৪টি পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ তালিকা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে দলের কাছে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদের আগেই চলতি মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দলটির এই উদ্যোগকে স্থানীয় সরকার নির্বাচনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।