
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে অমানবিক নির্যাতন ও মারধর করার অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে উপজেলার বলিয়াদী মীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর মা ফাতেমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে পারিবারিক সুসম্পর্কের জেরে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ (ভাঙ্গা মসজিদ) এলাকার মানিক মিয়ার ছেলে মঈনের সাথে মুসলিম শরিয়া অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন নূর ইসলামের বাড়ির ভাড়াটিয়া আলী আকবরের মেয়ে আশামণি (১৮)। বিয়ের পর মঈন তার স্ত্রী আশামণিকে নিয়ে কালিয়াকৈর উপজেলার বলিয়াদী মীরপাড়া এলাকায় চাচা নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে সংসার শুরু করেন।
সংসার শুরুর কিছুদিন যেতে না যেতেই মঈন তার স্ত্রী আশামণির ওপর বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। মেয়েকে বাঁচাতে গৃহবধূর মা-বাবা বেশ কয়েকবার ধারদেনা করে জামাতা মঈনের যৌতুকের চাহিদা পূরণ করার চেষ্টা করেন। যৌতুকের টাকা দিতে পারলে নির্যাতন সাময়িক বন্ধ থাকলেও, চাহিদা মেটাতে ব্যর্থ হলেই চলতো শারীরিক নির্যাতন।
এরই ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর দুপুরে মঈনের চাচা নাসির উদ্দিনের বাড়িতে গৃহবধূর স্বামী মঈন, শাশুড়ি লিপি বেগম এবং চাচা শ্বশুর নাসির উদ্দিন একজোট হয়ে আশামণির ওপর অমানবিক নির্যাতন শুরু করেন। মারধরের একপর্যায়ে যন্ত্রণায় চিৎকার করতে করতে আশামণি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নির্যাতনের পর আশামণিকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে আটকে রাখা হয়, যাতে ঘটনাটি কেউ জানতে না পারে।
পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ঘরের দরজা ও জানালা ভেঙে সংজ্ঞাহীন অবস্থায় আশামণিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী মঈনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”