
খালেদা আক্তার, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
মুখোশধারীদের তাণ্ডবে মোটরসাইকেল ভাঙচুর, আহত সাংবাদিক চমেক হাসপাতালে চিকিৎসাধীন
চট্টগ্রামের চন্দনাইশে এক সাংবাদিকের উপর গভীর রাতে সশস্ত্র হামলা, মারধর, ছিনতাই ও গবাদিপশু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ৩টার মধ্যে উপজেলার পূর্ব হাছানদন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাহিদুল ইসলাম (পিতা: আব্দুল খালেক), চট্টগ্রামে কর্মরত সাংবাদিক ও মাল্টিমিডিয়া চীফ, চট্টগ্রাম বিভাগ, জাতীয় দৈনিক সংবাদসারাবেলা। তিনি দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব হাছানদন্ডি এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর অভিযোগ, কর্মস্থল থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে যুগের চাঁদ রাস্তার সংযোগ সড়কে পৌঁছালে ১০/১২ জন মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে। তিনি সাংবাদিক পরিচয় দিলে হামলাকারীরা তুচ্ছ-তাচ্ছিল্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেয়।
এরপর দুর্বৃত্তরা তাকে মারধর করতে করতে বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং বাড়ি কোথায় ও ঘরে কে কে আছে তা জানতে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে তার চোখ বেঁধে ধারালো অস্ত্র ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হামলাকারীরা তার স্ত্রীকে ফোন দিতে বাধ্য করে এবং ফোনটি বন্ধ হয়ে গেলে সেটিও নিয়ে যায়।
শুধু তাই নয়, দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোটরসাইকেলটি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং সম্পূর্ণ অচল করে ফেলে। এতে তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে।
পরবর্তীতে তারা তাকে তার চাচার বাড়ির সামনে নিয়ে যায় এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর চাচার ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে স্বজনরা তালা খুলে তাকে উদ্ধার করেন।
ঘটনার পর গরুর ঘরে গিয়ে দেখা যায়, পরিবারের দুটি গরু নিখোঁজ। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, হামলাকারীরা একটি পিকআপযোগে দ্রুত স্থান ত্যাগ করে।
হামলার পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন ভুক্তভোগী সাংবাদিক। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলমান রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, হামলাকারীরা সকলেই মুখোশধারী ছিল। তাদের মধ্যে অধিকাংশ স্থানীয় নয় বলে তার ধারণা। তিনি এ ঘটনায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে চন্দনাইশ থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।