
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ও খোলাহাটি ইউনিয়নের শেষ সীমানা সংলগ্ন ৭৫ নম্বর রেলগেট এলাকার পাশে অবস্থিত ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন করা হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয় জনগণের নিজ উদ্যোগে এ খাল খনন কর্মসূচির আয়োজন করা হয়। খাল খনন কাজে কুপতলা ও খোলাহাটি দুই ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক, জমির মালিক এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীসহ সাধারণ জনগণ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুপতলা ও খোলাহাটি দুই ইউনিয়নের মাঝামাঝি অবস্থিত ঝিনিয়ার বিলে প্রায় ৩০০ একর আবাদি জমি রয়েছে। তবে উপযুক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এবং ঐতিহ্যবাহী খালটি পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমেও বিলে স্থায়ী জলাবদ্ধতা লেগে থাকে। ফলে প্রতি বছর ইরি-বোরো ও আমন মৌসুমে চাষাবাদ চরমভাবে ব্যাহত হয়। বিশেষ করে ইরি-বোরো মৌসুমে সামান্য বৃষ্টি হলেই জমে থাকা পানির নিচ থেকে ধান কেটে তুলতে হতো। এতে উৎপাদন খরচের তুলনায় লোকসানই বেশি গুনতে হতো স্থানীয় কৃষকদের।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে তৎকালীন সরকারের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করা হলেও কোনো সমাধান মেলেনি। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই তারা নিজেদের ফসল রক্ষায় নিজেদের উদ্যোগে খালটি পুনঃখননের সিদ্ধান্ত নেন। এই খালটি ঝিনিয়ার বিল থেকে শুরু হয়ে টাকিমারী বিল হয়ে সরাসরি ঘাঘট নদীতে গিয়ে মিশেছে।
কৃষকেরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে ঝিনিয়ার বিলের এই খালটি স্থায়ীভাবে খনন ও সংস্কার করার জন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিশেষ অনুরোধ জানান।
উক্ত খাল খনন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুপতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসনাইন আল আরাফাত, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, কুপতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি শাকিল প্রামানিক, সাধারণ সম্পাদক জাহির হোসেন, সদর থানা কমিটির বায়তুল মাল সম্পাদক জামিরুল ইসলাম, সদস্য আবদুল্লাহ ইউসুফসহ দুই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী সাধারণ কৃষকেরা।