
সরকার মাজহারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর বিআরডিবির চেয়ারম্যানের মো. মোফাজ্জল হোসেন, এ সময় আরো বক্তব্য রাখেন কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলিম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় যুব সমাজ অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় চেক ও প্রশিক্ষণের সনদ, ক্রীড়া সামগ্রী ও সফল সংগঠকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।