
খালেদা আক্তার, বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
ঐতিহাসিক ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা মিছিলসহকারে এ কর্মসূচিতে যোগ দেন। সকাল থেকেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মিছিলটি ৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে গোমদণ্ডী উপজেলা হয়ে ফুলতলে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে স্লোগানে মুখর ছিল নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, “৫ই আগস্ট আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানোর সাহসিকতা ইতিহাস হয়ে থাকবে। বিএনপি এই চেতনা ধারণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ছিল নিয়ন্ত্রণে।