
রহিদুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীতে স্থানীয় গণমাধ্যমের সম্পাদক ও বার্তা সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিউজ নেটওয়ার্ক।
বৃহস্পতিবার দিনব্যাপী রাজশাহী নগরীর কাজীহাটায় এনজিও ফোরাম মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় পরিচালিত ‘সাংবাদিকদের নিরাপত্তা বৃদ্ধির কর্মসূচি’ প্রকল্পের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সভায় সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা, সংবাদকক্ষে লিঙ্গ-সংবেদনশীল নীতি গ্রহণ, ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, ঘৃণাবাচক বক্তব্য মোকাবিলা, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এ সময় জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম এবং প্রশিক্ষণ সমন্বয়কারী জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন স্থানীয় গণমাধ্যমের জ্যেষ্ঠ সম্পাদক ও বার্তা সম্পাদকরা। তাদের মধ্যে ছিলেন- আকবারুল হাসান মিল্লাত, নুরুল হক, শ.ম সাজু, আফজাল হোসেন, আহসান হাবিব অপু, এম বদরুল হাসান লিটন, মামুন-অর-রশিদ, গোলাম মোস্তফা মামুন, সোহেল মাহবুব, মো. আনিসুজ্জামান, কাজী নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, এনায়েত করিম, ফজলুল করিম বাবলু ও রিমন রহমান প্রমুখ।
অংশগ্রহণকারীরা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।