
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্ব-দক্ষিণ পাড়া) এলাকায় রজিবা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে রজিবা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, এটি আত্মহত্যা নয়; বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, রজিবা বেগমের স্বামী সুজা মিয়া তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য মরদেহ ঝুলিয়ে রাখেন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত সুজা মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।